কুষ্টিয়া থেকে গ্রেপ্তার ১, তিনজন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম শিহাব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলেছে, নিষিদ্ধ উগ্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফুল এই হত্যাকাণ্ডের কোনো না কোনো পর্বে জড়িত। তিনি গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন। তবে কোন পর্বে জড়িত, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল রোববার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে কলাবাগানে জোড়া খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়ে জানান। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডে অংশ নেওয়া কমপক্ষে তিনজনকে পুলিশ শনাক্ত করেছে। দ্রুত তাদের ধরে ফেলার ব্যাপারে পুলিশ আশাবাদী।
গত ২৫ এপ্রিল কলাবাগানে বাসায় ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশের দাবি, শরিফুলকে গত শনিবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল তাঁকে ঢাকায় আনা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শরিফুল ১৯৯৮ সাল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য হিসেবে সিলেটে কাজ করেন। হুজি নিষ্ক্রিয় হয়ে পড়লে ২০১৫ সালের মাঝামাঝি তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। তিনি কুষ্টিয়ায় আনসারুল্লাহ বাংলা টিমের একটি ইউনিট পরিচালনার দায়িত্বে ছিলেন। জিজ্ঞাসাবাদে শরিফুল বলেছেন, ‘নাস্তিক-ব্লগার’ হত্যার পাশাপাশি কুষ্টিয়া অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য স্থানীয় একজন সাবেক চেয়ারম্যানকে খুনের পরিকল্পনা তাঁদের ছিল।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, জুলহাজ-মাহবুবের হত্যাকারীদের একজনের কাছ থেকে পুলিশ যে ব্যাগটি কেড়ে নিতে সক্ষম হয়েছিল, সেই ব্যাগে যে দুটি অস্ত্র পাওয়া গেছে, তার একটি শরিফুলের। শরিফুল এর আগেও আনসারুল্লাহ বাংলা টিম যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেখানে অস্ত্র ও বোমা দিয়ে সহযোগিতা করেছেন।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, সমকামীদের অধিকার নিয়ে কাজ করায় জুলহাজ মান্নান ও মাহবুব তনয় আনসারুল্লাহ বাংলা টিমের ‘টার্গেট’ হয়েছিলেন। অনেক দিন ধরে প্রস্তুতি চললেও এ বছর পয়লা বৈশাখের পর খুনিরা আটঘাট বেঁধে নামে। জুলহাজ ও মাহবুবের গতিবিধিও তারা অনেক দিন ধরে পর্যবেক্ষণ করে।
শরিফুল কলাবাগানের জোড়া খুনের ঘটনায় জড়িত—পুলিশ এ ব্যাপারে নিশ্চিত কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, পুলিশের কাছে কিছু ‘দালিলিক প্রমাণ’ আছে। ২৫ এপ্রিল হত্যাকাণ্ডের পরপরই শরিফুল ঢাকা ছাড়েন। তিনি বলেন, সংঘবদ্ধ চক্র হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। এদের কেউ যাঁদের হত্যা করা হবে, তাঁদের গতিবিধির ওপর নজর রাখছে, কেউ ঘটনাস্থলের একটু দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কেউ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, আবার কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে। দলটিতে খুনের অভিজ্ঞতা আছে, এমন সদস্যের পাশাপাশি নবীন সদস্যও থাকছে। আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ঘটনাস্থলে হাজিরই হয়নি। শরিফুল জোড়া হত্যাকাণ্ডের কোনো না কোনো পর্বে যুক্ত ছিলেন। আরও জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি পরিষ্কার হবে।
এর আগে পুলিশ বলেছে, হত্যাকাণ্ডগুলো ‘স্লিপার সেলের’ সদস্যরা ঘটাচ্ছে। সে ক্ষেত্রে শরিফুলের কাছ থেকে কতটা জানা যাবে—এমন প্রশ্নে মনিরুল বলেন, কলাবাগানের জোড়া খুন ছাড়াও একই কায়দায় সংঘটিত অন্যান্য খুনের ব্যাপারেও তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
অন্য হত্যাকাণ্ডের তদন্তেও অগ্রগতির দাবি: সংবাদ সম্মেলন শেষে প্রথম আলোর প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় ভালো অগ্রগতি আছে। যেকোনো সময় আসামি গ্রেপ্তার হতে পারে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু খুনের ঘটনায় মৌলবাদী চক্রের সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।
শরিফুল এলাকায় পরিচিত কেরামত নামে
কুষ্টিয়া অফিস জানায়, কলাবাগানে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার শরিফুলের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে। তাঁর বাবা মৃত আমীর শেখ। শরিফুল এলাকায় কেরামত নামেই বেশি পরিচিত। দুই মেয়ের জনক শরিফুল স্থানীয় লোকজনের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত। শরিফুল গ্রেপ্তারের পর তাঁর পরিবারের লোকজন ভয়ে বাড়ি ছেড়েছে।
কয়েকজন প্রতিবেশী বলেছেন, তিন ভাই, এক বোনের মধ্যে বোন হামিদার জমজ শরিফুল। বাবার ইচ্ছায় ছোটবেলায় বড় ভাই আশরাফুলের চাকরির বদৌলতে মৌলভীবাজারের একটি মাদ্রাসায় ভর্তি করানো হয় তাঁকে। কিন্তু একসময় মাদ্রাসা থেকে পালিয়ে কুমারখালী চলে আসেন। পরে কুমারখালী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে নিজ বাড়িতে মাছ চাষ শুরু করেন শরিফুল। তাঁদের পরিবার সচ্ছল ও এলাকায় প্রভাবশালী।
শরিফুলের আত্মীয় ও প্রতিবেশী আবুল ফজল, রিপন ও দাউদ আলী বলেন, শরিফুলকে ভালো মানুষ হিসেবেই চেনে সবাই। তাঁর চাচা আবু তালেব বলেন, শরিফুলের মধ্যে খারাপ কিছু দেখেননি। তবে যদি কোনো অন্যায় কাজে জড়িত থাকেন, তাহলে শাস্তি হলে কিছু বলার নেই।