কুষ্টিয়া সীমান্তে আটক বাংলাদেশি তরুণ ভারতের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়ার পর পারভেজ (১৮) নামের এক বাংলাদেশি তরুণকে কারাগারে পাঠিয়েছে ভারতের পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত থেকে পারভেজকে আটক করে বিএসএফ। এরপর গতকাল মঙ্গলবার তাঁকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর কারাগারে পাঠায় নদীয়ার হোগলবাড়িয়া থানার পুলিশ। তিনি চরপাড়া গ্রামের হালসানার ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ভারতের কেরালা রাজ্যে শ্রমিকের কাজ করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন পারভেজ। এ সময় হোগলবাড়িয়া থানার ৪৩ বিএসএফ কমান্ড্যান্টের অধীন বাউশমারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক পারভেজকে ফেরত চেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার আশরাফ বিএসএফকে চিঠি দেন।