কুষ্টিয়ার চালকের লাশ ঝিনাইদহে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপার কাঁচেরকোল গ্রামে ব্যাটারিচালিত ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার ওই লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করে।
নিহত ওই চালকের নাম নেহেদ আলী (৪০)। তাঁর বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষ্ণনগর গ্রামে। এ ঘটনায় নিহত চালকের স্ত্রী আঞ্জু খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের সুমন ওরফে আক্তার শেখ (৪৫) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনচাকি গ্রামের আকবর হোসেন (৩৫)।
নেহেদ আলীর শ্যালক আক্কাচ আলী বলেন, নেহেদ দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু শারীরিক কারণে একসময় আর ভ্যান চালাতে পারতেন না। পরে কুষ্টিয়ায় তাঁর বসতভিটার আড়াই শতক জমি বিক্রি করে একটি ব্যাটারিচালিত ভ্যান কেনেন। গত শুক্রবারই ভ্যানটি নিয়ে প্রথম বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। শনিবার সকালে শৈলকুপার কাঁচেরকোল গ্রামের মাঠে তাঁর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আক্কাচ আলী আরও বলেন, জমি বিক্রি করে তিনি ঘর ভাড়া নিয়ে থাকবেন বলে ঠিক করছিলেন। পরে ভ্যান চালিয়ে আবার জমি কেনার চিন্তাও করেন।
এদিকে শৈলকুপা থানার পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে।