কুষ্টিয়ার মিরপুরে গতকাল বুধবার উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলাকারীরা ওই কার্যালয়ের বাইরে থাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সাংসদ শহিদুল ইসলামের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
বিএনপির দাবি, হামলা ও মারধরে শহিদুল ইসলামসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।
বিএনপির নেতা-কর্মী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র বলেছে, গতকাল সকাল ১০টার দিকে মিরপুর উপজেলা বাজারে সিরাজ চৌধুরী মার্কেটের দোতলায় বিএনপির কার্যালয়ে কেন্দ্রঘোষিত সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠান চলছিল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম।
শহিদুল ইসলাম অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমি বক্তৃতাকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৪০-৫০ জন নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে এসে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে আমাকে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় কার্যালয়ের ভেতরে বসে থাকা নেতা-কর্মীদের তাঁরা মারধর শুরু করেন। আমাকে মারতে এলে নেতা-কর্মীরা বাধা দেন। আমার দুই হাতে আঘাত লাগে। হামলাকারীরা কার্যালয়ের আসবাব ভেঙে নিচে নেমে আমার প্রাইভেট কার এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।’
অভিযোগ রয়েছে, হামলায় নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাশিদুজ্জামান ও পৌর যুবলীগের সভাপতি হাসানুর রহমান। হামলাকারীরা মিরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক-সমর্থিত। বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাশিদুজ্জামান বলেন, ওই কার্যালয়ের বাইরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে যুবলীগের প্রস্তুতিমূলক সভা হচ্ছিল। তাঁরা মনে করেছিলেন, বিএনপির সভাটি ছিল ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে। এ নিয়ে বাগ্বিতণ্ডা ও পরে ধাক্কাধাক্কি হয়। তবে খুব বেশি হয়নি। আর গাড়ি ভাঙচুর কারা করেছে, তা তিনি জানেন না। অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করে হাসানুর রহমানকে পাওয়া যায়নি।
ঘটনার ভিডিওচিত্র ধারণের সময় এনটিভির ক্যামেরাপারসন আশিফুজ্জামানকে মারধর ও গালিগালাজ করেন হামলাকারীরা। জানতে চাইলে এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুই জানি না। রাশিদুজ্জামান ও হাসানুর দলের নেতা।’