কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে এক তরুণের লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছি গ্রামের মাঠ থেকে আক্কাচ আলী বিশ্বাস (২৬) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ লাশ উদ্ধার করা হয়। আক্কাচ আলী বেলগাছি গ্রামের জলিমুদ্দীনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে মিরপুর থানা-পুলিশের আওতাধীন আহম্মদপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গত ৪ নভেম্বর আক্কাচ আলী মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে বিয়ে করেন। গত রোববার তিনি শ্বশুরবাড়িতে যান। গত বুধবার বিকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে স্থানীয় কয়েকজন কৃষক বাড়ির পাশে মাঠে কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আক্কাচ আলীর পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নেন। এ খবর জানতে পেরে আহম্মদপুর ক্যাম্পের পুলিশ ওই বাড়িতে যায়।
শহিদুল ইসলাম আরও জানান, আক্কাচ আলীর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, লাশের ময়নাতদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।