কুষ্টিয়ার মিরপুরে ১০ ঘণ্টায় ঝরল তিন প্রাণ
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে এগারোটা থেকে আজ রোববার সকাল সাড়ে দশটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের দুজন হলেন সায়েম হোসেন (৩০) ও নির্মল মণ্ডল (৩০)। একজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে এগারোটায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া এলাকায় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার সায়েম ঘটনাস্থলেই মারা যান। আহত ১০ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
একই সড়কে আজ সকাল সাড়ে নয়টায় গোবিন্দপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক নিহত হন। নিহত ওই ভিক্ষুকের নাম-পরিচয় জানা যায়নি।
অপর দিকে সকাল নয়টায় কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক সড়কের কুষ্টিয়ার মিরপুরে বিজিবি সেক্টরের সামনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা মাছ ব্যবসায়ী নির্মল মণ্ডল নিহত হন।
তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত বাসের চালকের সহকারী হেলাল মণ্ডল জানান, তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে ট্রাক থামিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ট্রাকশ্রমিকের নামে ট্রাক থেকে চাঁদা আদায় করেন। শনিবার রাতে সেখানে গেলে সামনে থাকা একটি ট্রাক চলন্ত অবস্থায় হঠাৎ করে থেমে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল তিনটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।