কুষ্টিয়ায় অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌহিদুল ইসলাম
তৌহিদুল ইসলাম

কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ছাত্র তৌহিদুল ইসলাম ওরফে লিপুকে অপহরণের ১০ দিন পেরিয়ে গেলেও তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সন্ত্রাসীরা অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করেছে।
তৌহিদুল ইসলামের বাবা অগ্রণী ব্যাংক কুষ্টিয়া প্রধান কার্যালয়ের এজিএম ওয়াহিদুল ইসলাম। তৌহিদুল ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্র। চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষে ছুটি কাটাতে তিনি ২২ আগস্ট ঢাকা থেকে কুষ্টিয়ার থানাপাড়ার বাড়িতে আসেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ৩১ আগস্ট দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ হন তৌহিদুল। এ ঘটনায় ১ সেপ্টেম্বর তাঁর বাবা কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত বুধবার তৌহিদুলের ব্যবহৃত মুঠোফোন (০১৮৬৪২৯৪৪৩৪) থেকে তাঁর বাবার মুঠোফোনে কল আসে। এ সময় তাঁকে অপহরণের কথা জানানো হয়। এ সময় তাঁর কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর মডেল থানায় একটি মামলা হয়। গত শনিবার আবারও অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে মুক্তিপণের টাকার জন্য চাপ দেয়। অন্যথায় তৌহিদুলকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা থানার কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক তোফাজ্জেল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাপ্পী নামের একজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়ার পর সে আত্মগোপন করেছে। এ ঘটনায় পুলিশ বাপ্পীর মা, ছোট ভাই ও ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তৌহিদুলের মোটরসাইকেলটি গত শুক্রবার পাবনার ঈশ্বরদীর একটি চর থেকে উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আশা করি, শিগগিরই তৌহিদুলকে উদ্ধার করা সম্ভব হবে।’