কুষ্টিয়ায় অবৈধভাবে বালু তোলার পাইপ উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার একটি সরকারি প্রকল্পের নিচু এলাকা ভরাটের জন্য গড়াই নদে খননযন্ত্র বসিয়ে কয়েক মাস ধরে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। প্রকল্পের ঠিকাদারের লোকজন এ কাজ করলেও বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের একজন নির্বাহী হাকিম গড়াই নদে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ উচ্ছেদ করেন। বিকেল সাড়ে চারটার দিকে জেলা প্রশাসনের ফেসবুক পেজে উচ্ছেদের ১০টি ছবিসহ স্ট্যাটাস দেওয়া হয়।
স্ট্যাটাসে বলা হয়, ‘অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত সামগ্রী উচ্ছেদ: কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে লাহিনীপাড়া এলাকায় কুষ্টিয়া মেডিকেল কলেজের নবনির্মিত ভবনের পার্শ্বে জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের প্রায় ২২ একর জমিতে আইনবহির্ভূতভাবে বালি ভরাটের কাজ চলমান। আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসক জহির রায়হানের আদেশক্রমে অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত সামগ্রী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সীমা শারমিন।’
সীমা শারমিন প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নদ থেকে বালু উত্তোলনের জন্য লাগানো পাইপ খুলে ফেলা হয়। সেখানে কোনো শ্রমিক পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানায়, এই বালু মেডিকেল কলেজে যাচ্ছিল।