কুষ্টিয়ায় অস্ত্রসহ সম্রাট গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তারের পর সম্রাট (মাঝখানে)। পাশে তাঁর গাড়ির চালক (ডানে)। ছবি: সৌজন্যে র‍্যাব–১২
গ্রেপ্তারের পর সম্রাট (মাঝখানে)। পাশে তাঁর গাড়ির চালক (ডানে)। ছবি: সৌজন্যে র‍্যাব–১২

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে জেড এম সম্রাট নামের জেলা যুবলীগের সাবেক এক নেতাকে তাঁর গাড়িচালকসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় সম্রাটের কাছে অবৈধ তিনটি পিস্তল ও নয়টি গুলি পাওয়া গেছে। তবে সম্রাটের মা দাবি করেছেন, গতকাল রোববার বিকেলে ২০–২৫ জন সাদাপোশাকে তাঁর ছেলেকে তুলে নিয়ে গেছেন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আজ সোমবার বিকেল সাড়ে চারটায় র‍্যাব স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে ই–মেইলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে গ্রেপ্তারের বিষয়টি জানায়। যোগাযোগ করা হলে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাত চারটার দিকে র‌্যাব-১২–এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকায় অভিযান চালায়। সেখানে অস্ত্রধারী সন্ত্রাসী সম্রাট ও তাঁর গাড়িচালক রাসেলকে গাড়িসহ আটক করে। এ সময় সম্রাটের কাছ থেকে অবৈধ তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও নয়টি গুলি পাওয়া যায়। তাঁদের বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
সম্রাট (৩১) কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার আমিনুল ইসলাম ও শাহানাজ সুলতানার ছেলে। শাহানাজ কুষ্টিয়া পৌরসভার (১,২ ও ৩ ওয়ার্ড) সংরক্ষিত মহিলা কাউন্সিলর। আর সম্রাটের গাড়িচালক দ্বীন ইসলাম (২৮) মজমপুর এলাকার বাসিন্দা।
সম্রাট কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তবে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্রাট চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের অন্যতম নেতা মুকুলের শীর্ষ সহযোগী। দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন করে কুষ্টিয়ায় টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। দুজনকেই কুষ্টিয়া সদর মডেল থানায় মামলা করে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সম্রাটের বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম বলেন, অজান্তে অনেক আগে একবার পদ পেয়েছিলেন। তারপর অনৈতিক কাজের দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে তিনি কোনো কমিটির সদস্য নন, কর্মীও নন।
সম্রাটের মা শাহানাজ সুলতানা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গতকাল বিকেল চারটার দিকে সম্রাটকে পাটিকাবাড়ি তাহাজ মোড় এলাকা থেকে সাদাপোশাকে ২০–২৫ জন গাড়িতে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও খোঁজ দিতে পারছিলেন না।
এ ব্যাপারে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত প্রথম আলোকে বলেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ থেকে অপারেট করে পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া জেলায় অভিযান চলে। এ বিষয়টি তাঁর জানা ছিল। কিন্তু তিনি অপারেশনে ছিলেন না। অপারেশনের বিষয়ে পাবনার কমান্ডার বলতে পারবেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল ইসলাম কল না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিকেল পর্যন্ত থানায় সম্রাট নামের কাউকে র‌্যাব সোপর্দ করেনি।