কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে। এতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল বারীসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
গত রোববার রাতে মশিউরের স্ত্রী হামিদা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। মশিউর উপজেলা জাসদের সহসভাপতি ও আমবাড়িয়া ইউপির চেয়ারম্যান।
প্রায় পাঁচ মাস আগে আওয়ামী লীগে যোগ দেওয়া পল্লি চিকিৎসক লুৎফর রহমানকে গত বুধবার আমবাড়িয়া গ্রামে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার সকালে মশিউরকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন মশিউরের দোতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মশিউরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতা আবদুল বারীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, দুটি মামলাই মিরপুর থানার এসআই কাজী আবু জুবাইর তদন্ত করছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
লুৎফর রহমান ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। গত ইউপি নির্বাচনে আমবাড়িয়া ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হেরে যান। সেখানে জাসদের প্রার্থী মশিউর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন।
লুৎফর রহমান প্রায় পাঁচ মাস আগে আওয়ামী লীগে যোগ দেন। তাঁকে হত্যার পর থেকেই ভাই হাবিবুর রহমান অভিযোগ করে আসছিলেন, এই হত্যাকাণ্ডের পেছনে জাসদের নেতা মশিউর ও তাঁর লোকজন জড়িত।