কুষ্টিয়ায় আ.লীগে সদ্য যোগ দেওয়া পল্লিচিকিৎসক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুৎফর রহমান
লুৎফর রহমান

কুষ্টিয়ার মিরপুরে গতকাল বুধবার উপজেলা কৃষক দলের সাবেক নেতা ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া লুৎফর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পল্লিচিকিৎসক ছিলেন। এ হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
উপজেলার আমবাড়িয়া গ্রামে দুপুরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত লুৎফর রহমান মিরপুর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত বছর ইউপি নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। প্রায় পাঁচ মাস আগে আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তাঁর পরিবারের দাবি, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। পুলিশ বলছে, এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র বলেছে, দুপুর ১২টার দিকে লুৎফর রহমান মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তিনি গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই হত্যাকাণ্ডের খবর পেয়ে উত্তেজিত লোকজন ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের দোতলা বাড়িতে আগুন ধরিয়ে দেন। তাঁদের দাবি, চেয়ারম্যানই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আগুনে বাড়ির অনেক আসবাব পুড়ে যায়। সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়।

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া পল্লিচিকিৎসক লুৎফর রহমান হত্যার খবরে বিক্ষুব্ধ লোকজন আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও জাসদ নেতা মশিউর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় l ছবি: প্রথম আলো
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া পল্লিচিকিৎসক লুৎফর রহমান হত্যার খবরে বিক্ষুব্ধ লোকজন আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও জাসদ নেতা মশিউর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় l ছবি: প্রথম আলো

লাশের সুরতহাল করেছেন মিরপুর থানার উপপরিদর্শক কাজী আবু জুবাইর। তিনি প্রথম আলোকে বলেন, লুৎফরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাথায় দশের অধিক কোপানোর দাগ দেখা গেছে। বৃহস্পতিবার (আজ) লাশের ময়নাতদন্ত হবে।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেলে মিরপুর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা জাসদের কার্যালয়ের সামনে পৌঁছানোর পর ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
নিহত ব্যক্তির ছোট ভাই হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মশিউর রহমানের চক্রান্তে রাজনৈতিকভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। পরে বিস্তারিত বলব।’
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও জাসদের নেতা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি মিরপুর উপজেলা পরিষদে উপজেলা উন্নয়ন মেলায় থাকাকালে হঠাৎ ফোনে জানতে পারি এলাকায় একজনকে কুপিয়েছে। এরপর আমার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আমি দোষী হলে আমার বিচার করা হোক।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়নি। জড়িত লোকজনকে শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
জাসদের নিন্দা
ইউনিয়ন জাসদের সভাপতি মশিউর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গণমাধ্যমে পাঠানো দলের সহদপ্তর সম্পাদকের স্বাক্ষরিত িববৃতিতে এই নিন্দা জানানো হয়।