কুষ্টিয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৪
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা-কর্মীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর হয়েছে। গতকাল রোববার সকাল ছয়টার দিকে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও আহত ব্যক্তিদের ভাষ্যমতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ও একই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সরকারের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে ইটপাটকেল ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘরের টিনের বেড়া কেটে ফেলা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে নেন। এর মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।