কুষ্টিয়ায় আট শিবিরকর্মী আটক
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় আজ সোমবার অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১০টি ককটেলসহ কারাগারে আটক জামায়াত নেতাদের ছবি সংবলিত বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা শিবিরের কর্মী এবং তারা জড়ো হয়ে শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল।
আটক শিবিরকর্মীরা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল খালিদ (২১), হরিশংকরপুর মাদ্রাসার ছাত্র মো. সাগর (১৭) ও রাইসুল ইসলাম (২০), বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ছাত্র মেহেদী হাসান (১৯), কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের ছাত্র মহসীন ইসলাম (২০), কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান (২০), আলিয়া মাদ্রাসার ছাত্র ফয়জুল্লাহ (২০) এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের (সিভিল) তৃতীয় বর্ষের ছাত্র আজিম উদ্দীন (২০)।
বিকেলে পুলিশ লাইনে জেলা গোয়েন্দা কার্যালয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন সাংবাদিকদের বলেন, বেলা পৌনে একটার দিকে পুলিশ জানতে পারে শহরে নাশকতা সৃষ্টির জন্য শিবিরের কর্মীরা একটি মেসে বসে গোপন বৈঠক করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের মিলপাড়া মসজিদের ছাত্রাবাসে অভিযান চালায়। ওই ছাত্রাবাস থেকে শিবিরের আটজন কর্মীকে আটক করা হয়। শিবিরকর্মী খালিদের কক্ষ থেকে ১০টি ককটেলসহ বিভিন্ন ধরনের জিহাদি বইও উদ্ধার করা হয়। পরে তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তিনি দাবি করেন, শিবিরকর্মীরা এক সঙ্গে জড়ো হয়ে শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত শিবিরকর্মীরা কয়েক দিন ধরে শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছিল।