কুষ্টিয়ায় একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার প্রাগপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আক্কাস আলী (৩৫)। তাঁর বাড়ি উপজেলার দৌলতখালী গ্রামে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল রাতে আক্কাস মোটরসাইকেলে করে প্রাগপুর থেকে দৌলতপুরে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন নাসির উদ্দীন নামের এক ব্যক্তি। পথে প্রাগপুর কালভার্টের কাছে তাঁদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। আক্কাস মোটরসাইকেল না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। কিছুদূর যাওয়ার পর আক্কাস মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন। মোটরসাইকেলের পেছনে থাকা নাসির দৌড়ে পালিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায়। তারা আক্কাসকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে আক্কাসের মৃত্যু হয়।

মোটরসাইকেল পড়ে যাওয়ায় নাসির আহত হয়েছেন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আক্কাসের মৃত্যু হয়েছে। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি।