কুষ্টিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় আনোয়ার হোসেন মঞ্জিল ছাত্রীনিবাস থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অনন্দিতা রানী মণ্ডল (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

অনন্দিতা রানী রাজবাড়ীর পাংশা উপজেলার কুঠি মালিয়া গ্রামের মনোরঞ্জন মণ্ডলের মেয়ে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, অনন্দিতা রানী দুই পৃষ্ঠার একটা চিঠি লিখে গেছেন। বুধবার রাত ৯টা ১৫ মিনিট উল্লেখ করা ওই চিঠিতে স্পষ্টভাবে সুন্দর বাংলা ও মাঝে মাঝে ইংরেজি লেখা। তাতে তিনি উল্লেখ করেছেন, তিনি তাঁর পরিবারকে যেমন খুব ভালোবাসেন, তেমনি আরেক জনকেও (প্রেমিক) সমান ভালোবাসেন। এর যেকোনো একদিক বেছে নিতে বলা হয়েছিল তাঁকে, যেটা করা তাঁর পক্ষে সম্ভব না। তিনি দুদিকই পেতে চেয়েছিলেন। কারণ দেয়ালে তাঁর পিঠ ঠেকে গিয়েছিল। সেটা করতে না পারায় সবার কাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এই সিদ্ধান্তের জন্য তিনি নিজে দায়ী বলেও চিঠিতে উল্লেখ করেছেন।

থানা-পুলিশ ও ছাত্রীনিবাসের বাসিন্দা সূত্রে জানা গেছে, অনন্দিতা কোর্টপাড়ার আনোয়ার হোসেন মঞ্জিল ছাত্রীনিবাসে থেকে কুষ্টিয়া সরকারি কলেজে পড়াশোনা করতেন। তাঁর রুমমেট বাড়িতে থাকায় বুধবার রাতে তিনি একাই কক্ষে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ছাত্রীনিবাসের পরিচারিকা কক্ষে খাবার দিতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গতকাল দুপুরে লাশের ময়নাতদন্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম। তিনি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটা আত্মহত্যা। পরে পুলিশ লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে।

অনন্দিতা রানীর কাকা স্বপন কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার অনন্দিতা বাড়ি থেকে মাসিক খরচের টাকা নিয়ে ছাত্রীনিবাসে যায়। সম্প্রতি ছাত্রীনিবাস থেকে ওর ব্যবহৃত মুঠোফোন ও কিছু সোনার গয়না হারিয়ে যায়। এ নিয়ে তাঁর মা একটু বকাঝকা করেছিল। সকালে জানতে পারেন ওর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তা ছাড়া কারও সঙ্গে কোনো সম্পর্ক ছিল কি না,Ñসে ব্যাপারেও বাড়ির লোকজন তেমন কিছু জানত না।’