কুষ্টিয়ায় কিশোর হত্যার ঘটনায় এক নারী গ্রেপ্তার
কুষ্টিয়া সদর উপজেলায় কিশোর শুভ মণ্ডল (১৩) হত্যা মামলায় আরিফা খাতুন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরিফা লক্ষ্মীপুর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী। জাহিদও এ মামলার এজাহারভুক্ত আসামি। লক্ষ্মীপুর গ্রামের যে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে শুভ হত্যাকাণ্ডের শিকার হয় বলে অভিযোগ ওঠে; জাহিদ সেই মেয়েটির চাচা।
লক্ষ্মীপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে শুভ পাশের ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়ত। তার দাদা আবুল হোসেন মণ্ডল রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা করেন।
এতে অভিযোগ করা হয়, প্রেমের সম্পর্কের কারণে কিশোরীটির বাবা ও তিন চাচা মিলে শুভকে গত রোববার পিটিয়ে হত্যা করেন। মামলায় কিশোরীটির চাচি আরিফা এবং অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আরিফাকে গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।