কুষ্টিয়ায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১২টার দিকে শহরের ভাঙা বটতলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত কিশোরের নাম নিশান আলী (১৪)। বাবার নাম এনাম আলী। বাড়ি উপজেলার পোড়াদহ গ্রামে।
নিশানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিশানের বাবা এনাম আলীর ভাষ্য, তাঁর ছেলে ইঞ্জিনচালিত পাখি ভ্যান চালাত। গতকাল শনিবার সকালে সে ভ্যান নিয়ে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন একটি কলাবাগানের মধ্যে ওই কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশকে খবর দেন। পরে এক ব্যক্তি এসে লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।
গত রাতের কোনো একসময় ওই কিশোরকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।
মিরপুর থানার ওসির বলেন, ছিনতাইকারীরা ওই কিশোরকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে।