কুষ্টিয়ায় গ্রামের মাঠে পড়েছিল তরুণের লাশ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসায় এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে গ্রামের মাঠে পড়া থাকা লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণের নাম সোলেমান (২৫)। তিনি হালসা গ্রামের ভাদু বিশ্বাসের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। এ ছাড়া বাড়ির সামনে একটি চায়ের দোকানে কাজ করতেন।
পরিবারের বরাত দিয়ে মিরপুর থানা–পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে সোলেমান প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয় লোকজন গ্রামের দরগা এলাকা মাঠে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় সোলেমানকে গলা কেটে হত্যা করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে শিগগিরই সব জানা যাবে।
পুলিশের একাধিক দল এ বিষয়ে কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।