কুষ্টিয়ায় ঘটকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদাহ ইউনিয়নের পরানখালী থেকে মন্তু (৩৬) নামে এক পেশাদার ঘটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল আটটার দিকে একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মন্তু একই উপজেলার কুচিয়ামোড়া গ্রামের নবীরুদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি আশিস বলেন, আজ সকালে পরানখালী গ্রামের আওড়ের বিলের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেড়ামারা থানায় খবর দেন। পরে তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
রাতের কোনো এক সময় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা এএসপি আশিসের। লাশের ডান চোখ উঠিয়ে ফেলা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানালেন তিনি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।