কুষ্টিয়ায় ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ঘরে ঢুকে এক শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শহরের হাউজিং এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক দম্পতি হলেন মোহাম্মদ আলী ইসা (৫২) ও শামসুন্নাহার খানম (৪৬)। আলী ইসা কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। শামসুন্নাহার কুষ্টিয়া পৌর এলাকার জগতি কে এস এম কলেজের প্রভাষক। হাউজিং এলাকায় নিজেদের নির্মাণাধীন দোতলা বাড়ির নিচতলায় থাকেন তাঁরা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুষ্টিয়া কার্যালয়ের পরিদর্শক শেখ মোনায়েম হোসেন গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণে এই হামলা হয়ে থাকতে পারে। পিবিআই এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে।
আলী ইসা প্রথম আলোকে বলেন, তিনি শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। রাত তিনটার দিকে কক্ষে কারও উপস্থিতির শব্দে ঘুম ভেঙে যায়। তখন মাথার কাছে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। লাফিয়ে ওঠার পর একজনের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয় ও তিনি দৌড়ে ড্রয়িংরুমে যান। সেখানে থাকা আরও দুজন তাঁকে দা দিয়ে কোপাতে থাকে। চিৎকারে ঘুম ভাঙে তাঁর স্ত্রীর। দৌড়ে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও কোপ দেয় হামলাকারী। রড দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয়।
আলী ইসার মেয়ে কলেজছাত্রী জারিন তাসনিম বলেন, তিনি পাশের কক্ষে ঘুমাচ্ছিলেন। বাবা-মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, তাঁরা দুজন ড্রয়িংরুমের মেঝেতে পড়ে আছেন। স্বজনদের ফোন করলে খবর পেয়ে রাতেই পুলিশ এসে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক আনিসুর রহমান বলেন, ধারালো অস্ত্রের কোপে আলী ইসার ডান হাতের রগ কেটে গেছে ও কাঁধে ক্ষত হয়েছে। তাঁর স্ত্রীর হাতের অবস্থাও গুরুতর। দুজনের মাথায়ই রয়েছে আঘাতের চিহ্ন। উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে তাঁদের।
গতকাল ওই বাড়িতে গিয়ে দেখা যায়, আশপাশে বেশি বাড়ি নেই। পাশের ফ্ল্যাটের বাসিন্দা শাহিনা খাতুন বলেন, রাতে চিৎকারের শব্দ শুনতে পান তাঁরা। কিন্তু ভয়ে বের হননি।
আলী ইসা ও তাঁর স্ত্রী জানান, তাঁদের সঙ্গে কারও বিরোধ নেই। কী কারণে, কারা এ হামলা চালাল, তা বুঝতে পারছেন না।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ডাকাতির ঘটনা বলে ধারণা হলেও বাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি।