কুষ্টিয়ায় চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় চার কাউন্সিলর প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শিহাব রায়হান এ জরিমানা করেন।
ওই চার কাউন্সিলর প্রার্থী হলেন, পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ বোরহান উদ্দীন এবং নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউসুফ শেখ, মেহেদী হাসান ও সিরাজুল ইসলাম। এঁদের মধ্যে বোরহান উদ্দীনকে পাঁচ হাজার, ইউসুফ ও মেহেদী হাসানকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার এবং সিরাজুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জানতে চাইলে নির্বাহী হাকিম শিহাব রায়হান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে বিকেল পাঁচটার দিকে ওই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালান তিনি। এ সময় বিভিন্ন স্থানে ঝোলানো ও দেয়ালে সাঁটানো অবস্থায় ওই চার কাউন্সিলরের রঙিন পোস্টার পাওয়া যায়। এতে আচরণবিধির লঙ্ঘন হওয়ায় ওই চারজনকে জরিমানা করা হয়।