কুষ্টিয়ায় চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোটরসাইকেলচালকের নাম আলী আকবর ওরফে বকুল (৪৩)। তিনি বোয়ালিয়া গ্রামের ছাপান উদ্দীনের ছেলে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী আকবর দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে মাস্টাররোলে চাকরি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আলী আকবর প্রথম আলোকে বলেন, দুপুরে তিনি নিজ বাড়ি থেকে তিন মাস আগে কেনা মোটরসাইকেলে চড়ে দৌলতপুর শহরে যাচ্ছিলেন। বোয়ালিয়া-দৌলতপুর সড়কে বোয়ালিয়া গ্রামের মাঠের মধ্যে একটা পুলের কাছে পৌঁছালে সামনে থেকে দুটি মোটরসাইকেলে আসা পাঁচ দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। মোটরসাইকেলের গতি কমানোর সঙ্গে সঙ্গে তিনজন নেমে এসে তাঁর বুকে ও পায়ে পিস্তল ধরে। একজন তাঁর মাথায় ও মুখে পিস্তল দিয়ে আঘাত করে। অপর একজন তাঁর বাঁ পায়ে গুলি করে। একপর্যায়ে ওই দুর্বৃত্তরা মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে তাঁকে সড়কের পাশে ফেলে দিয়ে চলে যায়।
আলী আকবর আরও বলেন, ওই দুর্বৃত্তদের মুখ খোলা ছিল। তবে তাদের কাউকে চিনতে পারেননি তিনি।
আলী আকবরের চিৎকারে মাঠের লোকজন জড়ো হয়ে তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক এশরাক নাজনীন বলেন, গুলিটি আলী আকবরের বাঁ পায়ের ভেতরে রয়ে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা।