কুষ্টিয়ায় চালককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় ইজিবাইকচালক সুজন সিকদার (২৮) হত্যায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কয়ারগাছী আবাস প্রকল্প এলাকার শরীফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দত্তপাড়া এলাকার রাকিবুল ইসলাম, ঝিনাইদহের বড় খড়িখালী এলাকার রাজু মোল্লা।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শরীফুল ইসলাম ভেড়ামারায় ইজিবাইকচালক সুজন সিকদারকে হত্যার কথা স্বীকার করেন এবং ছিনতাই করা ইজিবাইকটি ঝিনাইদহের কয়ারগাছীতে রয়েছে বলে স্বীকার করেন। সেখান থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয় এবং কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে রাকিবুল ইসলামের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শরীফুল ইসলাম ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং রাজু মোল্লাকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
গত ২৮ মার্চ রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার লিচুবাগানে ইজিবাইকচালক সুজন সিকদারকে হত্যা করা হয়। সুজন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে।