কুষ্টিয়ায় চিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান (৫৮) হত্যার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনার কোনো সূত্রও খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে পুলিশ বলছে, খুব শিগগিরই এর কূল–কিনারা পাওয়া যাবে।

এদিকে একই হামলায় আহত চিকিৎসকের বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা ​কেন্দ্রে (আইসিইউ) চিকিৎ​সাধীন আছেন। তাঁর স্ত্রী সোনিয়া সুলতানা আজ রোববার সকালে মোবাইল ফোনে প্রথম আলোকে এ কথা জানান।

গতকাল শনিবার বিকেলে নিহত সানাউরের সেজো ভাই আনিছুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির ভালো কিছু তথ্য দিতে পারব। পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক দল মাঠে কাজ করে যাচ্ছে।’ ওসি আরও বলেন, ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী গ্রামের সড়কের পাশে একটি কাশবনে রক্তমাখা চাপাতি, পাঞ্জাবি, পায়জামা ও প্যান্ট ফেলে যায়। এই পোশাকগুলো ফেলে যাওয়ার জায়গার আশপাশে খোঁজখবর নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরে শিশিরপাড়া মাঠ এলাকায় সানাউর তাঁর বাগানবাড়িতে প্রতি শুক্রবার গ্রামের মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দিতেন। গত শুক্রবার সকালে মোটরসাইকেলে করে সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাঁর সঙ্গী বিশ্ববিদ্যালয় শিক্ষক সাইফুজ্জামানকেও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

হোমিও চিকিৎ​সক সানাউরকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিগোষ্ঠীর অনলাইনকেন্দ্রিক তৎপরতার ওপর নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইনটেলিজেন্স এ কথা জানিয়েছে। আইএসের নিজস্ব সংবাদমাধ্যম আমাক বলছে, কুষ্টিয়ায় খ্রিষ্টধর্মীয় ভাবধারার সমর্থনে কাজ করায় আইএসের যোদ্ধারা বাংলাদেশের ওই চিকিৎসককে হত্যা করেছে।

আরও পড়ুন: