কুষ্টিয়ায় চেয়ারম্যানসহ আটক ১০, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে দুটি পিস্তলসহ ১১টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, মিরপুর উপজেলা জাসদের সহসভাপতি মশিউর রহমান মিলনসহ ১০ জনকে আটক করে পুলিশ।
মিলনের স্ত্রী হামিদা খাতুন অভিযোগ করেন, ‘আমার স্বামী সকালে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হন। ওই ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল বারী (টুটুল) ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাঁসিয়েছেন। নির্বাচনের পর থেকেই আবদুল বারী ও তাঁর সমর্থকেরা জাসদ নেতা-কর্মীদের হুমকি দিয়ে আসছেন।’
জেলা জাসদের সভাপতি গোলাম মহাসীন বলেন, ‘নির্বাচনের আগে থেকেই মশিউর রহমানের ওপর বিরোধী পক্ষ (আওয়ামী লীগ) বিভিন্নভাবে হয়রানি করার ফাঁদ পেতে আসছিল। এরই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছে। ১৪ দলের শরিক একটি সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছ থেকে এ ধরনের বিষয় আশা করিনি।’
কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের হালশা বাজারে যান চেয়ারম্যান মশিউর রহমান। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী তাঁকে চা খাওয়ার কথা বলে তাঁর দোকানে ডেকে নেন। মশিউরকে দেখে তাঁর কয়েকজন সমর্থক সেখানে গেলে আবদুল বারীর ক্যাডাররা মশিউরের দুই সমর্থককে মারধর করে। পরে মশিউরকে ওই দোকানের মধ্যে আটকে রাখা হয়। মশিউর ফোন করে সাহায্য চাইলে প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ তাঁকে উদ্ধার না করে ওই দোকানে তল্লাশি শুরু করে। একপর্যায়ে দোকানে রাখা ধানের বস্তা থেকে দুটি পিস্তল, ১১টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে পুলিশ মশিউর রহমান, দোকানের মালিক হাসান আলীসহ তাঁর ১০ সমর্থককে আটক করে কুষ্টিয়া পুলিশ লাইনে নিয়ে আসে।
হালশা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আবদুল গফুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে আবদুল বারীর লোকজন মশিউরকে ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে ঘরে তল্লাশি করে ধানের বস্তার ভেতর থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে মিরপুর থানা-পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।