কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা
কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে আবুল কাশেম (৪০) নামের এক ফাস্টফুড ব্যবসায়ীকে হত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত কাশেম শহরের আমলাপাড়ার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক। প্রথম আলোকে দেওয়া তাঁর ভাষ্য, রাত সাড়ে নয়টার দিকে শহরের এন এন রোডের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কাশেম। আমলাপাড়া রোডে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
কাশেমের চিত্কারে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাতে শহরের দত্তপাড়া থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজাদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।