কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এই সংঘর্ষে আহত হন আরও ১০ জন। বিবদমান দুই পক্ষ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার অনুসারী বলে জানা গেছে।
নিহত যুবক ইদ্রিস আলী (৩৫) কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের জিয়ারখী গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিয়ারখী গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাই ইসমাইল হোসেনের বিরোধ আছে। শাহজাহান জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের সমর্থক। আর ইসমাইল জিয়ারখী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের সমর্থক। এলাকায় আধিপত্য বিস্তার দিয়ে এই দুই নেতার মধ্যেও তীব্র বিরোধ রয়েছে।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ওই গ্রামের মটপাড়া এলাকায় জমিজমা নিয়ে কাদের পক্ষের শাহজাহানের সঙ্গে আফজালের পক্ষের ইসমাইলের কথা-কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে ইদ্রিস আলী আফজাল পক্ষে অংশ নেন। সংঘর্ষ চলাকালে ইদ্রিসসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ শেষে স্থানীয়রা ইদ্রিস ও আহত অন্য ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ইদ্রিসকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসকেরা। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত এলাকায় উত্তেজনা চলছিল।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।