কুষ্টিয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। দেশীয় অস্ত্র হাঁসুয়া, ফলা, সড়কি ও লাঠি নিয়ে দুই পক্ষ ঘণ্টাব্যাপী ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ৫০ বছর ধরে জমির মালিকানা নিয়ে গোড়দহ গ্রামের ইউপি সদস্য উফান মালিথার সঙ্গে একই এলাকার মসলেম উদ্দীন মণ্ডলের শরিকদের বিরোধ চলছিল। এর জের ধরে প্রায়ই এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের বাড়িঘর ভাঙচুরও করা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, হাসপাতালে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।