কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোড়দহ গ্রামে একটি পাড়ায় প্রায় ৩৫ বিঘা জমি আছে। ওই জমিতে বর্তমানে বেশ কয়েকজন বাড়ি করে বসবাস করছেন। ওই জমির মালিকানা নিয়ে ১৯৫৮ সালে করা একটি মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।
কয়েক বছর ধরে জমির মালিকানা নিয়ে গোড়দহ গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি উফান মালিথার সঙ্গে মসলেম উদ্দীন মণ্ডলের শরিকদের বিরোধ চলছিল। এর জের ধরে প্রায়ই এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল বেলা ১১টার দিকে হাঁসুয়া, ফলা, সড়কি ও লাঠি নিয়ে উভয় পক্ষের লোকজন প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তিন-চারটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার বলেন, বেশির ভাগ লোকই আহত হয়েছেন হাঁসুয়া ও ফলার আঘাতে। অনেকের হাত-পা ও মাথায় গুরুতর জখম রয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
উফান মালিথা দাবি করেন, ওই ৩৫ বিঘা জমি তাঁদের শরিকদের। মসলেম উদ্দীন মণ্ডল অবৈধভাবে তৃতীয় পক্ষের কাছ থেকে জমি কেনার কাগজপত্র দেখিয়ে তা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সংঘর্ষে তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মসলেম উদ্দীন মণ্ডলের কয়েকজন শরিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উফান মালিথা জোর করে জমি দখল করে রেখেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় মামলা নেওয়া হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।