কুষ্টিয়ায় জেএমবি সদস্যের আত্মসমর্পণ
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য র্যা বের কাছে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যা ব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পে আত্মসমর্পণের পর পুনর্বাসনের জন্য তাঁকে র্যা বের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।
আত্মসমর্পণকারী জেএমবি সদস্য মো. সালাউদ্দীন আহম্মেদ ওরফে সুজনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায় দাঁদপুর গ্রামে। সালাউদ্দীনকে আত্মসমর্পণে সহায়তা করেন তাঁর চাচা আবদুল মান্নান।
গতকাল দুপুরে র্যা বের কুষ্টিয়া ক্যাম্পে সংবাদ সম্মেলনে সালাউদ্দীনকে হাজির করা হয়। তিনি বলেন, দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরবর্তী সময়ে এলাকায় কৃষিকাজ ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় অনুশাসন ও নিয়মকানুনে বড় হয়েছেন। ২০১৫ সালের মার্চে তিনি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় একটি মিলে ব্যবস্থাপক পদে যোগ দেন। সেখানে স্থানীয় কিছু মানুষের সঙ্গে ওঠাবসা শুরু হয় সালাউদ্দীনের। তাঁদের দেওয়া জিহাদি ভিডিও দেখেন। পরবর্তী সময়ে তিনি জানতে পারেন তাঁরা সবাই জেএমবির সদস্য। তাঁকে জিহাদ করার জন্য প্রস্তুত হতে বলা হয়। কিন্তু সারা দেশে জঙ্গি হামলার ঘটনার পর তিনি ভয় পেয়ে যান। নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য চাচার মাধ্যমে র্যা বের কাছে আত্মসমর্পণের আবেদন করেন।
স্বাভাবিক জীবনে ফিরে আসায় সালাউদ্দীনের পুনর্বাসনের জন্য তাঁর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন র্যা ব-১২ অধিনায়ক শাহাবুদ্দিন খান।