কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে আজ সোমবার সকালে রাজশাহী ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনে কাটা পড়ে জুলি খাতুন (২৫) নামের এক নারী মারা গেছেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর স্টেশনে ট্রেন আসার সময় সেখানে রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন জুলি। এ সময় ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার বলেন, ‘স্টেশনমাস্টারের কাছ থেকে ঘটনা জানতে পেরেছি। লাশ উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, লাশ হাসপাতালে। সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা, না দুর্ঘটনা, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না।