কুষ্টিয়ায় ঠিকাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা
কুষ্টিয়া শহরে নজরুল ইসলাম (৪৫) নামের এক ঠিকাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার শহরের পুরোনো লাইব্রেরি সামনে এ ঘটনা ঘটে। নজরুলকে হাসপাতালে ভর্তি করেছে। তিনি শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা।
নজরুলের অভিযোগ, দরপত্র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে শহরের ইসলামী কলেজের সামনে পুরোনো লাইব্রেরি এলাকায় নজরুলসহ কয়েকজন গল্প করছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত নজরুলকে মাটিতে ফেলে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে তাদের হাতে থাকা হাঁসুয়া ও ছুরি দিয়ে তারা তাঁকে কোপায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা জড়ো হলে তারা চলে যায়। পরে গুরুতর আহত নজরুলকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে ওই হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
নজরুল বলেন, কয়েক দিন আগে জেলা পরিষদের একটি কাজে তিনি দরপত্র জমা দিয়েছিলেন। এর কয়েক দিন পর থেকে শহরের আরেক ঠিকাদার ওই দরপত্র প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন। গতকাল দুপুর ১২টার দিকে তাঁকে পুরোনো লাইব্রেরি এলাকায় ডেকে নেয় ওই ঠিকাদারের লোকজন। সেখানে ওই ঠিকাদার, তাঁর ভাই, ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি তাঁকে মাটিতে ফেলে বেধড়ক পেটাতে থাকে। এ সময় তারা হাঁসুয়া ও ছুরি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। লোকজন জড়ো হলে তারা চলে যায়।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল ইসলাম বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ধরতে অভিযান চলছে।