কুষ্টিয়ায় তরুণ ও বরিশালে নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে সরকারি সিটি কলেজের সামনে গতকাল রোববার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। একই দিন জমি নিয়ে বিরোধের জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

কুষ্টিয়ায় নিহত তরুণের নাম পলাশ মাহমুদ (১৮)। তিনি হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে। পলাশ কুষ্টিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বরিশালে নিহত নারীর নাম সুফিয়া বেগম (৪৫)। তিনি দক্ষিণ বাগধা গ্রামের সেকেন্দার মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিটিআই সড়কের জেলখানা মোড়ে কয়েকজন তরুণের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর একটু দূরে সিটি কলেজের সামনে একজন ধারালো ছুরি দিয়ে পলাশ ও রাকিবুল ইসলাম (২২) নামের দুজনকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। রাকিবুল কুষ্টিয়া শহরের চৌড়হাসপাড়া এলাকার রশিদুল ইসলামের ছেলে।

হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার বলেন, পলাশ অস্ত্রোপচার কক্ষে সন্ধ্যা সাতটার দিকে মারা যান। তাঁর পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। রাকিবের শরীরেও ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

পলাশের মামাতো ভাই মাসুম রাহিন বলেন, ঈদের আগে পলাশ বলেছিল, কলেজের কয়েকজন তাকে নানাভাবে হুমকি দিচ্ছিল। এরপর এ ঘটনা ঘটল।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। খুনিদের ধরতে চেষ্টা চলছে।

আগৈলঝাড়া থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, দক্ষিণ বাগধা গ্রামের সেকেন্দার মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল হোসেন মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল উভয় পক্ষ জরিপকারী নিয়ে এসে জমি পরিমাপ শুরু করে। বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষ বাগ্‌বিতণ্ডার জড়িয়ে পড়ে। এর একপর্যায়ে আবুল হোসেন মিয়ার স্ত্রী সোনাবান বেগম (৩৮) লাঠি দিয়ে সুফিয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন।