কুষ্টিয়ায় তরুণকে হত্যা করে মাটি চাপা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া গ্রামের মুঠোফোন মেরামতকারী আজম আলীকে (২২) খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আড়িয়া গ্রামের পাশের দিঘলকান্দি গ্রামের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আড়িয়া গ্রামের স্বপন আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বপন বলেছেন, তিনি আজমের কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা ঋণ নেন। সুদের বিনিময়ে এ রকম আরও তিন-চারজন আজমের কাছ থেকে ঋণ নেন। আজম ওই টাকা পরিশোধের জন্য চাপ দিলে তাঁরা বৃহস্পতিবার রাতে আজমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। এরপর পাশের দিঘলকান্দি গ্রামের মাঠে পুঁতে রাখেন।
এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে অনেক খোঁজ করেও আজমকে খুঁজে পায়নি তাঁর পরিবার। গতকাল দুপুরে দিঘলকান্দি গ্রামের এক কৃষক মাঠে খেতের ভেতর মাটিচাপা দেওয়া উঁচু কিছু দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ সেখান থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। পরে আজমের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে।