কুষ্টিয়ায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন নিয়ামুল হককে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার ও সোমবার রাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে এক ছিনতাইকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া আঘাত করা ছুরি ও ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন শহরের থানাপাড়া এলাকার টিটু (২৬), একই এলাকার ফিরোজ হোসেন (২৩) ও লিটন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামুল গত বুধবার দুপুরে শহরের থানাপাড়া এলাকায় গড়াই নদের বাঁধে বেড়াতে যান। এ সময় ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেল থামিয়ে ছুরিকাঘাত করে মুঠোফোন ও টাকা নিয়ে পালিয়ে যান। নিয়ামুল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিয়ামুল গত রোববার থানায় একটি মামলা করেন। পরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে সদস্যরা অভিযান চালিয়ে গত রোববার রাতে টিটুকে গ্রেপ্তার করে। পরে তিনি কুষ্টিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম-ঠিকানাও দেন। এরপর গত সোমবার রাতে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ফিরোজ ও লিটনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁদের কাছ থেকে ছুরি ও নিয়ামুলের মুঠোফোন উদ্ধার করা হয়।