কুষ্টিয়ায় ত্রাণ আত্মসাতের মামলায় ইউপি সদস্য কারাগারে

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে করা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোপরগাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান (৫২) উপজেলার দৌলতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি (জেলা বিশেষ শাখা) থেকে গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের দেওয়া ত্রাণসামগ্রী গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য ইউপি সদস্য হাবিবুর রহমান ৯ নম্বর ওয়ার্ডের ৫০ জনের তালিকা করেন। তালিকা অনুসারে ৯ এপ্রিল সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং ১০ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে বেলা দেড়টা বিতরণ করেন। সে সময় রবিউল ইসলাম, মালেক, ইদ্রিস, সকেনা, জুলেখা, জোসনা, আফু, কোহিনুর, সারুজান, আমিরুল, মোকাব্বরসহ অনেকে ত্রাণ নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে অপেক্ষা করলেও তাঁরা ত্রাণ পাননি। পরবর্তী সময়ে স্থানীয়ভাবে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ত্রাণ না পাওয়া ব্যক্তিদের নাম তালিকায় ছিল। কিন্তু হাবিবুর রহমান তাঁদের ত্রাণ না দিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, গতকাল সকালে ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।