কুষ্টিয়ায় দুই ইউপি সদস্যকে পিটুনি দিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে সরকারি বরাদ্দের সৌর প্যানেল বিতরণের ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে গত রোববার লাঞ্ছিত করেছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে রামকৃষ্ণপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আইয়ুব আলী ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম সরকারি বরাদ্দের সৌর প্যানেল ইউনিয়নের চরাঞ্চলের দরিদ্র কয়েকটি পরিবারের মাঝে বিতরণ করছিলেন। ইউনিয়নের ভাগজোত এলাকায় এ বিতরণকালে তাঁরা প্রতিটি সৌর প্যানেল বাবদ ২ হাজার টাকা করে আদায় করছিলেন। বিষয়টি রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলামকে জানানো হলে তিনি ঘটনাস্থলে যান।
সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টাকা নেওয়ার কারণ জানতে চাইলে দুই ইউপি সদস্য আমার ওপর চড়াও হন। একপর্যায়ে এলাকার লোকজনের সঙ্গে ইউপি সদস্যদের ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি হয়।’
তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য আইয়ুব ও শহিদুলের ওপর হামলা চালায়। তারা তাঁদের কিলঘুষি মারে। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাঁরা এলাকা ছাড়েন।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আইয়ুব আলী ও শহিদুল ইসলাম। তাঁরা দাবি করেন, অহেতুক তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করে চেয়ারম্যানের লোকজন।
দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, চরাঞ্চলে যাঁদের নামে সৌর প্যানেল বরাদ্দ আছে, তাঁরা সবাই বিনা অর্থে তা পাবেন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিরা কোনো অনিয়ম করলে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।