কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজীপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে মসজিদের ইমামকে আটকের ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফারাজীপাড়া জামে মসজিদের ইমাম আবু তৈয়ব। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। কয়েক দিন ধরে তিনি এলাকার মুসল্লিদের বয়ান করেন যে হুজুর ডেকে টাকা দিয়ে দোয়া পড়ানোর চেয়ে নিজে দোয়া করা উত্তম। এ ছাড়া জুমার নামাজে বাংলা খুতবা পড়ার দরকার। এমন কিছু বিষয়ে স্থানীয় কয়েকজন ও ছাত্রলীগ কর্মী নাজমুল হোসেন প্রতিবাদ করেন। পরে গত বৃহস্পতিবার ইমাম আবু তৈয়বকে মারধর করে পুলিশে দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে হাটশ হরিপুর গ্রামে আগের এক নাশকতা মামলায় ওই ইমামকে কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশের দাবি, ওই ইমাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি এলাকায় ছাত্রশিবিরের কর্মকাণ্ড চালাতেন।
এদিকে ইমামকে মারধর ও গ্রেপ্তার করার ঘটনা নিয়ে ফারাজীপাড়া জামে মসজিদের মুসল্লিরা দুই পক্ষে বিভক্ত হয়ে যান। গতকাল দুপুরে জুমার নামাজের পর এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, সংঘর্ষের সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমদ আলী (৫০), আলতাব হোসেন (৪৮), সাগর (১৮) ও বাদশা (২২) নামের চারজন আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে ফারাজীপাড়া জামে মসজিদ কমিটির এক সদস্য বলেন, ইমামের ভুল থাকতেই পারে। তাই বলে মারধর করে পুলিশের দেওয়া ঠিক হয়নি। এলাকার বেশির ভাগ মানুষ ইমামের পক্ষে। এ নিয়ে কয়েকজন ব্যক্তি রাজনীতি করছেন।
কুষ্টিয়া মডেল থানার উপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, আবু তৈয়ব ছাত্রশিবির করতেন। তিনি এলাকায় ফতোয়া দিয়েছিলেন। নাশকতার মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে গুলির বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি।