কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন গ্রাম পুলিশ সদস্যসহ দুই পক্ষের ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঘুনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মহিষকুন্ডি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও হানিফ আলী পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের ২০-২৫ জন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গ্রাম পুলিশ ইসমাইল হোসেন (৩২), মেহেদী হাসান (১৮), জাহাঙ্গীর হোসেন (৪৫), হানিফ আলী (৫৫), শের আলী (৪২), হেলাল উদ্দীন (১৮) গোপাল (২০), ইয়াদুল ইসলাম (২৪), শহিদুল ইসলাম (৪৮), মহাচান আলী (২৫), জাকার মিয়া (২১), রাজু আহমেদ (২৩), হেলু (৩০), জেহের আলী (৪০), সুকচাঁদ আলী (৩৮), নুজিবুল ইসলাম (২৭), নান্টু মিয়া (৩৫) ও নুজু (৪২)। আহত অন্য দুজনের নাম জানা যায়নি।
আহত ব্যক্তিদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাকুব্বর আলী (৫০), খোকন (২৫) ও আলতাব (৪৫) নামের তিনজনকে আটক করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার হবে।