কুষ্টিয়ায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে গত বুধবার মামলা হয়েছে। গত মঙ্গলবার একই উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। ওই দুই শিক্ষককে গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দৌলতপুর থানায় হওয়া মামলার এজাহার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিদুল ইসলাম সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর সময় তাঁর স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শৌচাগারে শ্লীলতাহানি করেন। এ সময় ওই ছাত্রীর কয়েকজন সহপাঠী ঘটনাটি দেখে ফেলে। পরে মফিদুল পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য চাপ দেন। ঘটনার দুই দিন পর ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এরপর স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা করা হয়।
কিন্তু এত দিনেও ঘটনাটির কোনো মীমাংসা না হওয়ায় গত মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে মফিদুল ইসলামের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে। বিষয়টি প্রশাসনকে জানানো হলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান গত বুধবার ওই বিদ্যালয়ে গিয়ে খোঁজ নেন।
ইউএনও বলেন, দৌলতপুর প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী নজরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, সব পক্ষের লোকজনের সঙ্গে কথা হয়েছে। শ্লীলতাহানির কোনো বিষয় খুঁজে পাওয়া যায়নি। তবে ওই শিক্ষক ছাত্রীদের মারধর করতেন, এটার সত্যতা পাওয়া গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসির উদ্দীন আহমেদ বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইউএনওর মাধ্যমে একটি প্রতিবেদন দিয়েছেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মফিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে গত বুধবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলায় মফিদুল ইসলামকে আসামি করা হয়েছে। তিনি পলাতক আছেন।
কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের কোর্টপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান (৪২) ও তাঁর সহযোগী শামীম আহমেদকে (৩৮) র্যাব গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৮৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
বুধবার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিউদ্দিন বিশ্বাস বলেন, গতকাল জরুরি সভা করে কমিটির সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে মোকলেছুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।