কুষ্টিয়ায় দুই হত্যার ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুষ্টিয়া সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা বখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
দুই হত্যার ঘটনায় এ নিয়ে গত দুই দিনে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বখতিয়ার হোসেন দুই হত্যা মামলার প্রধান আসামি।
উল্লেখ্য, গত শনিবার সকালে ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে বখতিয়ার হোসেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইমান আলী ও শাহাবুদ্দিন নামের দুজন নিহত হন। তাঁরা বখতিয়ারের প্রতিপক্ষ কেরামত আলীর সমর্থক। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার পরদিন গতকাল রোববার বিকেলে নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম প্রথম আলোকে বলেন, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকায় আজমেরী হোটেলের সামনে থেকে বখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।