কুষ্টিয়ায় ধুলটমহাল ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি ধুলটমহাল ইজারায় অনিয়মের অভিযোগ তুলেছেন একজন ঠিকাদার। তাঁরা বলছেন, ওই ইজারার বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। পরে তা বাতিল হলেও বিষয়টি গোপন রাখে জেলা প্রশাসন। এরপর গোপনে দরপত্র প্রক্রিয়া সেরে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে।
তবে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, দরপত্রের বিষয়ে কোনো প্রকার অনিয়ম করা হয়নি। সবকিছুই বিধি মোতাবেক করা হয়েছে।
ধুলটমহাল হলো প্রশাসন নির্ধারিত বালুমহালের বাইরে নদীতে জেগে ওঠা বালুচর। বালু উত্তোলনের জন্য এমন চরকে ইজারা দেওয়া হয়।
মিরপুর উপজেলার ঠিকাদার আমিরুল ইসলাম ২৭ ফেব্রুয়ারি ওই ধুলটমহালের ইজারা নিয়ে অনিয়মের বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। আমিরুল গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া শহরে এসে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগের একটি কপি তুলে দেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত জানুয়ারি মাসে বাংলা ১৪২৪ সনের জন্য মিরপুরের জুগিয়া-তালবাড়ীয়া ধুলটমহাল ইজারা দিতে জেলা প্রশাসনের রাজস্ব শাখা দরপত্র আহ্বান করে। সাতজন ঠিকাদার দরপত্র কেনেন। চারটি ধাপে এ দরপত্র জমা দেওয়ার তারিখ ধার্য করে কর্তৃপক্ষ। প্রথম ধাপে তারিখ ধার্য ছিল ৩১ জানুয়ারি। তবে জনৈক আব্দুল হান্নান দরপত্র আহ্বানের বৈধতা নিয়ে প্রশ্ন হাইকোর্টে রিট করেন। আদালত ছয় মাসের জন্য দরপত্রের কার্যক্রম স্থগিত করার আদেশ দেন। জেলা প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করে।
ঠিকাদার আমিরুল ইসলাম বলেন, তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামালের সঙ্গে দরপত্র জমার ব্যাপারে একাধিকবার কথা বলেন। প্রতিবারই তাঁকে বলা হয়, রিটের আদেশ স্থগিত হলেই দরপত্র জমা নেওয়া হবে। গত ২৩ ফেব্রুয়ারি দরপত্র জমা দেওয়ার দ্বিতীয় দফার তারিখ ধার্য ছিল। তিনি সর্বশেষ অবস্থা জানতে ২২ ফেব্রুয়ারি কর্মকর্তা আবু হেনার সঙ্গে দেখা করেন। ওই কর্মকর্তা তাঁকে বলেন, দরপত্রের ওপর এখনো স্থগিতাদেশ বলবৎ আছে। কিন্তু পরে তিনি (আমিরুল) জানতে পারেন, ২২ ফেব্রুয়ারি আদালত রিটটি বাতিল করেন এবং ২৩ ফেব্রুয়ারি তিন ঠিকাদারের দরপত্র জমাও নিয়েছে জেলা প্রশাসন। প্রায় ৭৫ লাখ টাকায় ওই ধুলটমহালের ইজারা পান ঠিকাদার আরিফ হোসেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কর্মকর্তাদের অসহযোগিতার কারণে চারজন ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি। পছন্দের ঠিকাদারকে ইজারা পাইয়ে দিতেই রিট বাতিল হয়ে যাওয়ার কথা গোপন রাখেন তাঁরা।
ঠিকাদার আমিরুল বলেন, দরপত্রে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের অনুকূলে তিনি ২০ লাখ টাকার পে-অর্ডারও করেছিলেন। সব ঠিকাদার দরপত্রে অংশ নিতে পারলে ইজারা মূল্য ১ কোটি টাকা ছাড়িয়ে যেত। দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানান তিনি।