কুষ্টিয়ায় নানা অভিযোগ শুনলেন দুদক কমিশনার
মিলনায়তনের বাম পাশে জেলা ও উপজেলা পর্যায়ের ৩৭টি সরকারি প্রতিষ্ঠানের প্রধানেরা বসে আছেন। তাঁদের সামনে বসে আছে এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হয়রানি ও দুর্নীতির শিকার হওয়া মানুষ। মঞ্চে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। এটি কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলনায়তনের গতকাল সোমবারের চিত্র।
সেখানে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সরকারি সেবা ও সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যার কথা শোনা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দুদকের আয়োজনে গণশুনানি হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সঞ্চালনায় দুদকের কমিশনার অনুষ্ঠানে মানুষের লিখিত ও তাৎক্ষণিক অভিযোগ শোনেন।
অনুষ্ঠানে আগে থেকে জমা হওয়া লিখিত প্রায় ৩০টি অভিযোগের ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানেরা জবাব দেন। এ ছাড়া সেখানে কয়েকজন ব্যক্তি তাৎক্ষণিক সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। সেগুলোর ব্যাপারেও সমাধানের নির্দেশ দেওয়া হয়। বেশির ভাগ অভিযোগই ছিল পাসপোর্ট, বিআরটিএ, সওজ, গণপূর্ত, সিভিল সার্জন, ভূমি, বন বিভাগের কার্যালয়সংশ্লিষ্ট। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তারা কেউ পাঁচ কার্যদিবস, কেউ ১৫ কার্যদিবসের মধ্যে কাজ সম্পাদনের আশ্বাস দেন।
গণশুনানি শেষে প্রধান অতিথি দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, এভাবে জনগণ এগিয়ে এলে দুর্নীতি নির্মূল করা সম্ভব।