কুষ্টিয়ায় নিখোঁজের ১৪ দিন পর ছাত্রের লাশ উদ্ধার
খুলনা থেকে নিখোঁজের ১৪ দিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এক মাদ্রাসাছাত্রের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ছামিউল শেখ (২২)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের আকরাম শেখের ছেলে। ছামিউল খুলনার দারুল উলুম মাদ্রাসায় পড়তেন।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশমাইল পিলার মাঠে একটি কলাবাগান থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। আজ শুক্রবার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিহতের বড় ভাই মুরসালিন মুঠোফোনে বলেন, ১২ জানুয়ারি ছামিউল নিখোঁজ হন। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজখবর করা হয়। না পেয়ে কালিয়া ও খুলনা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান জানান, দুপুরে এক কৃষক পুলিশকে খবর দেন কলাবাগানের ভেতরে একটি গলিত লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল শেষে থানায় নেয়। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে একটা মুঠোফোন পাওয়ার পর তাঁর পরিচয় শনাক্ত করা হয়।