
কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজন গত শনিবার রাতে পাঁচ পুলিশ সদস্যকে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে গতকাল রোববার বরিশালের গৌরনদীতে সদস্যপদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও দৌলতপুরের স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন-পরবর্তী সহিংসতার খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুর রহমানের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ বাজারে যান। এ সময় সংঘর্ষে লিপ্ত আওয়ামী লীগের দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। একপর্যায়ে আওয়ামী লীগের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের লোকজন পুলিশের ওপর চড়াও হন। তাঁরা পাঁচ পুলিশ সদস্যকে মারপিট করে আহত অবস্থায় আটকে রাখেন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচ পুলিশ সদস্যকে উদ্ধার করে। পরে এসআই আবদুর রহমান, কনস্টেবল আবদুস সবুর ও খানজাহান আলীকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার গতকাল বিকেলে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
এদিকে পুলিশ ও গৌরনদীর ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরজ আলী সরদার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মৃধা। এতে গিয়াস উদ্দিন মৃধা জয়ী হন। শনিবার রাতে আরজ আলী সরদারের ছেলে বাবু সরদারসহ তাঁদের ৮-১০ জন সমর্থক হামলা চালিয়ে গিয়াস উদ্দিন মৃধার সমর্থক রুবেল ও জসিম উদ্দিনকে জখম করেন। এর জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভুরঘাটা বাসস্ট্যান্ডে বাবু সরদারের ওপর হামলা চালান গিয়াস উদ্দিনের সমর্থকেরা। এ খবর ছড়িয়ে পড়লে আরজ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক সমর্থক ভুরঘাটা বাসস্ট্যান্ডে জড়ো হয়ে পাল্টা হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন ওরফে মিলন ও পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গিয়াস উদ্দিন বলেন, ‘নির্বাচনের পর থেকে আরজ আলী ও তাঁর সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে জখম করেছেন।’ অভিযোগ অস্বীকার করে আরজ আলী বলেন, ‘গিয়াস বিজয়ী হওয়ার পর সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছেন।’
এ ছাড়া গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামে নবনির্বাচিত ইউপি সদস্য মো. আলী হাওলাদার ও পরাজিত প্রার্থী কুদ্দুস মাতুব্বরের সমর্থকদের মধ্যে একই দিন হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলী হাওলাদারের সমর্থকদের একটি ক্লাবঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের বাবলু হাওলাদার, রাব্বানি মুন্সি, জালাল মুন্সি ও রিজিয়া বেগমসহ পাঁচজন আহত হন। আহত বাবুল ও রাব্বানিকে আগৈলঝাড়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, এসব ঘটনায় বিবদমান পক্ষগুলো পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।