কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিশু আহত!

কুষ্টিয়া শহরে পুলিশের বার্ষিক গুলি চালানোর প্রশিক্ষণের সময় ছোড়া গুলিতে ইমন নামে ছয় বছরের এক শিশু আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
আহত ইমনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার হরিপুর গ্রামের সাহারুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শহরের কমলাপুরে গড়াই নদীর তীরে পুলিশের একটি গুলি চালানোর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। নদীর অপর পারে হরিপুর গ্রাম। সকালে প্রশিক্ষণ কেন্দ্রে ফরিদপুর জেলা পুলিশের একটি দলের গুলি চালানোর প্রশিক্ষণ চলছিল। এ সময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হরিপুর গ্রামে বাড়িতে থাকা শিশু ইমনের থুতনিতে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গুলিতেই আহত হয়েছে ইমন। বর্তমানে সে শঙ্কামুক্ত। চিকিৎসা প্রতিবেদনেও গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হয়েছে।
ইমনের মা রুমা খাতুন প্রথম আলোকে বলেন, সকালে তাঁর ছেলে বাড়ির বারান্দায় বসে পড়ছিল। হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। ছেলের চিৎকার শুনে তিনি বারান্দায় গিয়ে ইমনের থুতনি দিয়ে রক্ত বের হতে দেখেন। পাশে একটি গুলি পড়ে ছিল। ছেলেকে হাসপাতালে নেওয়ার পর সেখানে এক পুলিশ সদস্য তাঁর কাছ থেকে গুলিটি নিয়ে যান।
তবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, শিশুটি পুলিশের গুলিতে আহত হয়নি। সে পড়ে গিয়ে আহত হয়েছে।
গতকাল রাতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, গুলিতে শিশু আহত হওয়ার ঘটনা সত্য নয় বলে তদন্তে পাওয়া গেছে। হাসপাতালের প্রতিবেদনে গুলির কথা উল্লেখ করা হয়েছে— এ কথা ওসিকে জানালে তিনি বলেন, চিকিৎসক হয়তো কেবল অভিযোগের ভিত্তিতেই ওই প্রতিবেদন দিয়েছেন।