কুষ্টিয়ায় পুলিশের নির্যাতনে আবুল কাশেম (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। পুলিশের দাবি, প্রতিবেশীর বাড়িতে হামলার ঘটনায় তাঁকে ধরে থানায় নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে তিনি মারা যান।
আবুল কাশেম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুর হাট গ্রামের বাসিন্দা। গতকাল রোববার বিকেলে ওই ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
আবুল কাশেমের বড় মেয়ে রিনা খাতুন বলেন, জমি নিয়ে আমজেদ হোসেন নামের এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বাবার বিরোধ ছিল। গতকাল সকালে এ নিয়ে ঝগড়া হলে তাঁদের বাড়িতে পুলিশ আসে। তাঁর বাবাকে না পেয়ে বাড়িতে ভাঙচুর করে পুলিশ ফিরে যায়। বিকেল চারটার দিকে চারজন পুলিশ সদস্য আবার বাড়িতে আসেন। এ সময় তাঁর বাবাকে পেয়ে এক পুলিশ সদস্য তাঁকে বেদম মারতে থাকেন। অপর একজন রাইফেলের বাঁট দিয়ে পিঠে আঘাত করেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পুলিশ। পরে আবুল কাশেমকে পুলিশ গাড়িতে করে থানায় নিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা থানায় গেলে জানানো হয় তিনি হাসপাতালে আছেন। সেখানে গিয়ে তাঁর লাশ পাওয়া যায়।
রিনা খাতুন অভিযোগ করেন, ‘পুলিশ আমার বাবাকে নির্যাতন করে মেরে ফেলেছে। আমার বাবার বিরুদ্ধে কোনো মামলা নেই।’ হাসপাতালে আবুল কাশেমের লাশের পাশে থাকা ছেলে জামিরুল ইসলাম বলেন, ‘পুলিশ বাবাকে নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহম্মেদ বলেন, বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া মডেল থানার কয়েকজন পুলিশ আবুল কাশেমকে সেখানে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, আবুল কাশেমের পরিবারের অভিযোগ সত্য নয়। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।