কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিলন আহমেদ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, ডাকাতির চেষ্টাকালে ‘বন্দুকযুদ্ধে’ মিলন নিহত হন। তবে নিহত ব্যক্তির স্ত্রীর অভিযোগ, পুলিশ মিলনকে তিন দিন আগে তুলে নিয়ে যায়। পরে গুলি করে হত্যা করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, সোমবার রাত দুইটার দিকে পুলিশ জানতে পারে, উপজেলার চুনিয়াপাড়া মাঠের মধ্যে একদল ডাকাত সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছে। টহল পুলিশ নিয়ে তিনি (ওসি) সেখানে অভিযান চালান। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মিলনকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মিলনের লাশ গতকাল বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মিলনের বাড়ি মিরপুর উপজেলার লক্ষ্মীধড়দিয়া গ্রামে।
ওসি জালাল উদ্দিন আরও জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ও কনস্টেবল মাইনুল ইসলাম আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মিলনের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
তবে নিহত মিলনের স্ত্রী ইয়াসমিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মিলন গত শনিবার রাত ১১টার দিকে নিজ গ্রামের একটি অনুষ্ঠানে গান শুনছিলেন। সে সময় সাধারণ পোশাকে দুটি মোটরসাইকেলে আসা পুলিশের চার সদস্য পিস্তল ঠেকিয়ে তাঁকে ধরে নিয়ে যান।
ইয়াসমিন বলেন, ‘মিরপুর থানাসহ জেলার বিভিন্ন জায়গায় খোঁজ করি। কেউ কিছু বলতে পারেনি। সোমবার কুষ্টিয়া প্রেসক্লাবেও গিয়েছিলাম। আজ (গতকাল) সকালে শুনছি তাঁর মিরপুর থানায় লাশ পইড়ি আছে।’
মিলনের স্ত্রী আরও বলেন, তাঁর স্বামী এলাকায় তামাকের ব্যবসা করতেন। মিরপুর থানার উপপরিদর্শক (এআই) আবদুল হালিম প্রায় ছয় মাস আগে মিলনকে ধরে তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিলেন। সেদিনও তাঁকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছিল পুলিশ।
অভিযোগের ব্যাপারে জানতে উপপরিদর্শক আবদুল হালিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তামাকের ব্যবসা নিয়ে এক ব্যক্তির সঙ্গে মিলনের বিরোধ ছিল। এর জেরে পুলিশকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
তবে তুলে নিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন ওসি কাজী জালাল উদ্দিন।