কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে সদর উপজেলার আলামপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। তবে আমিরুলের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে।

আলামপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তারেক ফয়সাল ইবনে আজিজের ভাষ্যমতে, পুলিশ সদস্যরা গত বুধবার রাতে আলামপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে টহল দিচ্ছিলেন। রাত দেড়টার দিকে তাঁরা খবর পান গাছ কেটে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতেরা ডাকাতি করছে। পরে পুলিশ সেখানে গেলে ডাকাতদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গুলিবিনিময় হয়। এরপর পুলিশ সদস্যরা সেখানে আমিরুলকে মৃত অবস্থায় পেয়ে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যান।

আমিরুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, হত্যাসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমিরুলের বড় ভাই ইছাহক আলী অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তাঁর ভাই আমিরুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল তাঁরা জানতে পারেন, আমিরুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

অভিযোগের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ‘পরিবারের দাবি সত্য নয়। নিহত আমিরুল একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।’ গতকাল ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে তিনটায় আমিরুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।