কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি নব্য জেএমবির 'ফায়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম আরমান আলী (৪২)। তিনি ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে। পুলিশ বলছে, আরমান নব্য জেএমবির সদস্য। তাঁর সাংগঠনিক নাম ‘ফায়ার’।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া-পচামাদিয়া এলাকার মধ্যবর্তী একটি মাঠে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরমান নিহত হন।

নিহত ব্যক্তির চাচা হকছেদ আলী আজ শুক্রবার সকালে আরমানের লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য আরমানের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আন নূর যায়েদের ভাষ্য, ‘আরমান নব্য জেএমবির একজন সদস্য। তাঁর সাংগঠনিক নাম ‘ফায়ার’।

পুলিশ সূত্র জানায়, গত ১ জুলাই ভেড়ামারা শহরের বামনপাড়া-তালতলার একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়। ওই বাড়ির ভাড়াটে টলিয়ারার দ্বিতীয় স্বামী আরমান। জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় ভেড়ামারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আন নূর যায়েদ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আরমান। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। তাঁকে পুলিশ খুঁজছিল।

আরমানের চাচা হকছেদ আলীর ভাষ্য, আরমান ভেড়ামারা ও দৌলতপুরে ডিশের ব্যবসা করতেন। ভেড়ামারার বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের পর থেকে আরমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসানের ভাষ্য, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মাঠে নাশকতাকারীরা অবস্থান করছে। দৌলতপুর থানার টহল পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে নাশকতাকারীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। নিহত ব্যক্তির পরিচয় প্রথমে নিশ্চিত করতে পারছিল না পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, সুরতহাল শেষে বেলা সাড়ে ১১টার দিকে আরমানের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।